ঢাকা: যমুনা সেতু এলাকায় ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য ১২০ একর জমি দীর্ঘমেয়াদে ইজারা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সেতু ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ১১৭তম বোর্ড সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য দেন।
শেখ রবিউল আলম সভায় সভাপতিত্ব করেন এবং বোর্ডের অন্যান্য সদস্যরা সশরীরে ও অনলাইনে অংশ নেন।
সভা শেষে জানানো হয়, পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনের লক্ষ্যে যমুনা সেতু সাইটে নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডকে (এনডব্লিউপিজিসিএল) সোলার প্যানেল স্থাপনের জন্য ১২০ একর জমি ইজারা দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সেখানে ৫৫ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে।
এ ছাড়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেতু কর্তৃপক্ষের আওতায় বিভিন্ন স্থানে সোলার প্যানেল স্থাপনের বিষয়টি কার্যপরিধিতে অন্তর্ভুক্ত করে এ বিষয়ে একটি মাস্টারপ্ল্যান প্রণয়নেরও অনুমোদন দেওয়া হয়েছে।
বোর্ড সভায় উত্তরার দিয়াবাড়িতে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিচালনাসংক্রান্ত চুক্তি পুনর্বহাল, বৃহৎ স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরির লক্ষ্যে ‘সেন্টার ফর ব্রিজ রিসার্চ অ্যান্ড ট্রেনিং (সিবিআরটি)’ প্রতিষ্ঠা এবং কর্মকর্তা-কর্মচারী কল্যাণ ট্রাস্ট, বিধিমালায় ‘বার্ষিক বৃত্তি’ পরিবর্তন করে ‘বার্ষিক শিক্ষা অনুদান সহায়তা’ শব্দ ব্যবহারের প্রস্তাবও অনুমোদিত হয়।
সভাপতির বক্তব্যে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, বর্তমান সরকার টেকসই ও পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বোর্ডের গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত, স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও সংস্থাগুলোকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।