ঢাকা: প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেছেন, ফ্যাসিবাদবিরোধী জুলাই আন্দোলন কোনো ব্যক্তি বা একক দলের কৃতিত্ব নয়; বরং দেশের গণতন্ত্রকামী সব মানুষের সম্মিলিত অবদানের ফল।
আন্দোলনের কৃতিত্ব এককভাবে দাবি করে অন্যদের খাটো করার অপচেষ্টা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘আমরা বিএনপি পরিবার’ ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত ‘বুলেটের মুখে বাংলাদেশ, ফ্যাসিবাদের হলো শেষ’ শীর্ষক আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
আতিকুর রহমান রুমন বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দেশনেত্রী খালেদা জিয়া কারাবরণ করেছেন এবং নানা ধরনের নির্যাতন সহ্য করেছেন। একইভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এবং দীর্ঘ দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়েছেন। কিন্তু তারা কখনো নিজেদের ব্যক্তিগত ত্যাগকে সামনে এনে আন্দোলনের কৃতিত্ব দাবি করেননি।’
তিনি বলেন, ‘নিজেকে জাহির করার মধ্যে কোনো কৃতিত্ব নেই। বিএনপি কখনো বলেনি যে তারাই একাই সব করেছে। যারা আজ একক কৃতিত্বের দাবি করছেন, জনগণ একদিন তাদের প্রত্যাখ্যান করবে। ইতিহাসও তাদের স্থান দেবে না।’
জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ‘আন্দোলনের কঠিন সময়ে অনেক সাংবাদিক জীবনের ঝুঁকি নিয়ে বিএনপির নেতাকর্মীদের সহায়তা করেছেন। অনেক সাংবাদিক তাদের মোটরসাইকেল ও গাড়িতে তুলে আমাকে-সহ বিএনপির অনেক নেতাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছেন। এজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনের পেছনে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ত্যাগ ও অংশগ্রহণ রয়েছে। তাই এই আন্দোলনের ইতিহাসকে কোনো ব্যক্তি, গোষ্ঠী বা দলের একক অর্জন হিসেবে উপস্থাপন করা উচিত নয়। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যারা রাজপথে ছিলেন, যারা নির্যাতন সহ্য করেছেন এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন— সবার অবদানই ইতিহাসে যথাযথভাবে মূল্যায়িত হওয়া প্রয়োজন।’