ঢাকা: গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সঠিক নয় বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (১ আগস্ট) রাতে গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই। এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
তিনি বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে অযথা বিভ্রান্তি সৃষ্টি না করে দায়িত্বশীলতার সঙ্গে তথ্য প্রচার করা প্রয়োজন। এ ধরনের ভিত্তিহীন বা অসত্য সংবাদ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি তৈরি করতে পারে।
গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত প্রকাশিত সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে এ ধরনের বিষয়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্যের জন্য বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ঘোষণা এবং সরকারি সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দেন তিনি।