Monday 03 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আন্দোলন-সংগ্রামে হতাহতদের পাশে দাঁড়াবে সরকার’

স্পেশাল করেসপন্ডেন্ট
২ আগস্ট ২০২৬ ২২:৩৫ | আপডেট: ২ আগস্ট ২০২৬ ২৩:৫৭

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে যারা আহত ও নিহত হয়েছেন, রাষ্ট্র তাদের অবদান কখনো ভুলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। তিনি বলেন, পর্যায়ক্রমে আন্দোলনে হতাহতদের রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হবে এবং তাদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হবে। এজন্য কিছুটা ধৈর্য ধরতে হবে।

রোববার (২ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিপিজেএ) ও ‘আমরা বিএনপি পরিবার’-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ফ্যাসিবাদের ১৫ বছর ও চব্বিশের গণঅভ্যুত্থান’ শীর্ষক বিশেষ আলোকচিত্র প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালেহ শিবলী বলেন, ‘আন্দোলন-সংগ্রামের দীর্ঘ ইতিহাসে অসংখ্য মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থেকেছেন।’ বিশেষ করে আন্দোলনে হতাহত সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রত্যেক ত্যাগের মূল্যায়ন একদিনে সম্ভব নয়। তবে রাষ্ট্র ধীরে ধীরে সবার অবদান মূল্যায়ন করবে। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, দীর্ঘদিনের আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে।’

প্রেস সচিব বলেন, ‘আমরা এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছি, যখন আন্দোলনের সময় কেউ নিরাপত্তা পেতেন, আবার কেউ পেতেন না। কিন্তু আজকের বাংলাদেশে সবাই নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে। আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করছি।’

বর্তমান সরকারের বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি, অর্থনৈতিক চাপ এবং বিগত সরকারের রেখে যাওয়া নানা সংকট একসঙ্গে মোকাবিলা করতে হচ্ছে। এসব কারণে অনেক কাজ বাস্তবায়নে সময় লাগছে। গত ১৫ বছরে মানুষ যে নির্যাতন-নিপীড়নের শিকার হয়েছে, সেই বাস্তবতা থেকে দেশকে বের করে আনতে সরকার কাজ করছে।’ তাই নতুন সরকারকে কিছুটা সময় দেওয়ার আহ্বান জানান তিনি।

শহিদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠনের সংগ্রাম অব্যাহত থাকবে উল্লেখ করে সালেহ শিবলী বলেন, ‘নিরাপদ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিক, আলোকচিত্রীসহ সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।’

অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিপিজেএর সভাপতি এ কে এম মহসীন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, ডিইউজের সহসভাপতি রাশেদুল হকসহ সাংবাদিক, আলোকচিত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর