ঢাকা: বেনজীর আহমেদের জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের পক্ষ থেকে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শর্তসাপেক্ষে জামিন পাওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের কাছে অন্যান্য দেশের পাসপোর্ট থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘বিষয়টা পুরোপুরি না জেনে আমি মন্তব্য করতে চাই না। আমাদের ল’ ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফাইড কপি তুলে কথা বলতে এবং আমরা এই ইনস্ট্রাকশন দিয়েছি, যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়। কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে, সেটা আমাদের সন্দেহ।’
তিনি আরও বলেন, ‘ইউএই আদালত দেশ না ছাড়ার শর্তে তাকে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পর সরকারের নিয়োজিত ল’ ফার্ম এবং ইউএই রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আমরা বিষয়টা জানার পরে আমাদের নিয়োজিত যে ল’ ফার্ম আছে, তাদেরকে বিষয়টা জানিয়েছি। আর ইউএই অ্যাম্বাসেডরের সঙ্গে আমাদের সচিব মহোদয় কথা বলেছেন।’
আদালতের রায়ের সার্টিফাইড কপি সংগ্রহ করে তার জামিন বাতিল ও দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ল’ ফার্মকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে কমলাপুর ও আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রথযাত্রা ও উল্টো রথযাত্রা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিত প্রচেষ্টা চালিয়েছিল। তবে উল্টো রথযাত্রার দিনে মতিঝিল ও কমলাপুরের মেট্রো রেলের পিলারের নিচে এবং আশুলিয়ায় দুষ্কৃতকারীদের রেখে যাওয়া ব্যাগ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করে তা বিস্ফোরণ করা হয়েছে।’ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো অপচেষ্টা চলছে কি না, তা খতিয়ে দেখতে এগুলোর যোগসূত্র নিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
এ ছাড়া, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা সার্জিও গোরের সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে।