ঢাকা: শিক্ষা, ক্রীড়া শিক্ষা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতিবিষয়ক এবং আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সহকারীমন্ত্রী জুলিয়ান হিল। এ সময় বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান টাইলও উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে শিক্ষাখাতে সহযোগিতা সম্প্রসারণ, বিশ্ববিদ্যালয়-টু-বিশ্ববিদ্যালয় সংযোগ, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক জোরদারসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মাহ্দী আমিন বৈঠকে তরুণদের অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি কর্মসংস্থান সৃষ্টি, বাধ্যতামূলক কারিগরি শিক্ষা, প্রাথমিক শিক্ষায় প্রযুক্তির ব্যবহার, নতুন কারিকুলামে ক্রীড়া ও সংস্কৃতির অন্তর্ভুক্তি, আনন্দময় শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের বৃত্তির পরিমাণ বৃদ্ধির পরিকল্পনার কথা উল্লেখ করেন।
এ সময় বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম সম্প্রসারণ, দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি, শিক্ষা ও গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং মানবসম্পদ বিকাশে যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রী জুলিয়ান হিল বাংলাদেশের শিক্ষাখাতে ক্রীড়া শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি তিনি বাংলাদেশের শিক্ষাখাতের বিদ্যমান চ্যালেঞ্জ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্পর্কে জানতে চান।
বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তির অংশগ্রহণ, শ্রমিক চলাচল এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসসহ বিভিন্ন বিষয়েও মতবিনিময় হয়।
উভয়পক্ষ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার দীর্ঘমেয়াদি শিক্ষা অংশীদারিত্ব আরও শক্তিশালী করা, গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরিতে একসঙ্গে কাজ করার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।