Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ আগস্ট উদ্বোধন হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১২:২৫ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১৫:১৯

সংবাদ সম্মেলনে কথা বলছেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

ঢাকা: রাজধানীর গণভবন প্রাঙ্গণে নির্মিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী ৫ আগস্ট সকাল ৯টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ফলক উন্মোচনের মাধ্যমে জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করবেন। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানের সংশ্লিষ্ট নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শনের মাধ্যমে গণঅভ্যুত্থানের ইতিহাস সম্পর্কে অবহিত হবেন।’

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে বক্তব্য দেবেন জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ ও বিজয়ের ইতিহাসভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে দেশের বিশিষ্ট শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা থাকবে।

মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, অনুষ্ঠানের শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক উপস্থিত অতিথি ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাবেন। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধির পাশাপাশি কূটনীতিক, বুদ্ধিজীবী, শিক্ষাবিদ, সংস্কৃতিজন, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

মন্ত্রী আরও বলেন, ‘৫ আগস্ট উদ্বোধনের পর ৬ আগস্ট থেকে সাধারণ জনগণের জন্য জাদুঘর উন্মুক্ত করে দেওয়া হবে। বড়োদের জন্য প্রবেশমূল্য ৫০ টাকা ও ছোটোদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এই জাদুঘর নিয়ে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তদন্ত করা হবে।’

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের আলোকচিত্র, ভিডিও, দলিল-দস্তাবেজ, শহীদদের স্মৃতিচিহ্ন, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যসহ আন্দোলনের বিভিন্ন স্মারক সংরক্ষণের উদ্যোগের অংশ হিসেবে সাবেক গণভবনকে এ জাদুঘরে রূপ দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী ওমর খৈয়াম।

সারাবাংলা/এমএমএইচ/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর