Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাংলাদেশি নাবিকদের ভিসা জটিলতা দ্রুত সমাধানের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৮:৪০ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ২১:২০

নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম

ঢাকা: বাংলাদেশি নাবিকদের সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে ভিসা, ট্রানজিট ও ক্রু পরিবর্তনসংক্রান্ত জটিলতা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক শিপিং খাতে বাংলাদেশের নাবিকদের কর্মসংস্থান সম্প্রসারণ এবং তাদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা জাতীয় স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। প্রয়োজনে কমিটি গঠন করে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার করতে হবে।’

মঙ্গলবার (৪ আগস্ট) নৌপরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মেরিটাইম কাউন্সিলের প্রথম সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

বিজ্ঞাপন

সভায় নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও মেরিটাইম শিল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশি নাবিকদের সংযুক্ত আরব আমিরাতে ট্রানজিট ভিসা, ক্রু পরিবর্তন ভিসা, শোর পাস ও প্রবেশের অনুমতি পেতে বিদ্যমান জটিলতা নিয়ে আলোচনা হয়। এসব জটিলতার কারণে আন্তর্জাতিক জাহাজে নিয়োগ ও কর্মসংস্থানে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় নাবিকদের চাকরির বাজার এবং বৈদেশিক মুদ্রা আয়ে নেতিবাচক প্রভাব পড়ছে বলে সভায় উল্লেখ করা হয়।

এ ছাড়া ২০২৮ সালের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার সদস্য রাষ্ট্র নিরীক্ষা কর্মসূচির প্রস্তুতি, হংকং কনভেনশন বাস্তবায়ন, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্প, সামুদ্রিক খাতের নিঃসরণ কমানো এবং বিপজ্জনক পণ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।

সভায় দেশের সামুদ্রিক খাতের দীর্ঘমেয়াদি উন্নয়নে একটি সমন্বিত জাতীয় সামুদ্রিক নীতিমালা প্রণয়নের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর