রাজশাহী: ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বুধবার (৫ আগস্ট) সকালে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ভূমিমন্ত্রী বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। আন্দোলনে নিহত শহীদদের পরিবার ও আহত ব্যক্তিদের সার্বিক কল্যাণে সরকার সবসময় পাশে রয়েছে। তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তার পরিকল্পনা করা হচ্ছে।’
মিজানুর রহমান মিনু বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে শহীদ হয়েছে, সেই সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে। সবাই মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলব।’
এ সময় শহীদ শাকিব আঞ্জুমের বাবা বলেন, ‘আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।’
এর আগে, ভূমিমন্ত্রী জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ. ন. ম. ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
এদিকে সকাল থেকেই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করতে হাজারো মানুষের ভিড় দেখা যায়। স্মৃতিস্তম্ভের আশপাশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।