ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শিশুশিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘রঙ তুলিতে জুলাই ২৪’ প্রতিপাদ্যে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উদ্যোগে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুশিক্ষার্থীরা তাদের তুলিতে জুলাই আন্দোলনের চেতনাকে ফুটিয়ে তোলে।
বুধবার (৫ আগস্ট) জাতীয় সংসদ ভবনের উত্তর প্লাজার কনফারেন্স রুমে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতাটি মোট দু’টি বয়সভিত্তিক গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম গ্রুপে ৫ থেকে ৮ বছর এবং দ্বিতীয় গ্রুপে ৮ থেকে ১২ বছর বয়সি শিশুরা অংশগ্রহণ করে। কোমলমতি শিশুদের তুলিতে উঠে আসে দেশপ্রেম, ইতিহাস এবং গণঅভ্যুত্থানের নানান আবেগঘন স্মৃতি।
অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন জাতীয় সংসদ সদস্য শওকত আরা আক্তার এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।
পরিদর্শন শেষে শওকত আরা আক্তার বলেন, ‘জুলাই কেবল একটি নির্দিষ্ট সময় নয়, এটি জাতির চেতনা ও গভীর প্রেরণার প্রতীক। শিশুদের রঙ-তুলিতে সেই চেতনার সুন্দর প্রতিফলন ঘটেছে, যা নতুন প্রজন্মের মধ্যে ইতিহাস সচেতনতা ও দেশপ্রেমের শক্তিশালী বার্তা ছড়িয়ে দিতে সাহায্য করবে।’
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, ‘শিশুদের আঁকা ছবিতে তারা কীভাবে জুলাই গণঅভ্যুত্থানকে উপলব্ধি করেছে, তা অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই ধরনের অর্থবহ আয়োজনের মাধ্যমে আগামী প্রজন্ম দেশের ইতিহাস ও গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনাবলি সম্পর্কে আরও নিবিড়ভাবে জানার সুযোগ পাবে।’
প্রতিযোগিতা পরিদর্শনকালে জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে শিশুদের উৎসাহ দেন।