Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

সারাবাংলা ডেস্ক
৫ আগস্ট ২০২৬ ২০:১৩ | আপডেট: ৬ আগস্ট ২০২৬ ০৯:৪১

ছবি: সংগৃহীত

সারা দেশে নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) ভোর থেকেই শহিদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পাবনা: জেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সকাল সাড়ে ৭টায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এসময় জুলাই শহিদদের স্মরণে সংসদ সদস্য, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জেলার সকল সরকারি-বেসরকারি দফতর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। শ্রদ্ধা নিবেদন শেষে জুলাই শহিদ, দেশ ও জাতির জন্য দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া পাবনা ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) পাবনা জেলা শাখা ও মেডিকেল কলেজ ছাত্রদলের আয়োজনে একটি র‌্যালিও বের করা হয়।

বিজ্ঞাপন

রাবি: নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন ফিতা কেটে জুলাই আলোকচিত্র প্রদর্শনী ও ডকুমেন্টারির উদ্বোধন করেন উপাচার্য ও উপ-উপাচার্যবৃন্দ। এরপর সকাল ১০টায় সিনেট ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আবাসিক শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে শোভাযাত্রা ও বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয় ও অতিথিবৃন্দের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়। সকাল ১০টা ৪৫ মিনিটে চারুকলা অনুষদের উদ্যোগে মুক্তমঞ্চে ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক আর্ট ক্যাম্প উদ্বোধন করা হয়। সকাল ১১টায় সিনেট ভবনে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কিশোরগঞ্জ: ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’— প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জুলাই শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনার আয়োজন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া: বুধবার সকালে দিবসটি উপলক্ষ্যে কুষ্টিয়ার আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জুলাই যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের মুক্তির মোড়ে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জুলাই শহিদ শহীদ পরিবারের সদস্যসহ জেলার সকল সরকারি-বেসরকারি দফতর, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে জুলাই শহীদশহিদ

মাভাবিপ্রবি: টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুন নিয়ে পায়রা ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ‘আমরাই গড়বো স্বপ্নের বাংলাদেশ’ প্রতিপাদ্যে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা এবং শিক্ষার্থীদের হলসমূহে বিশেষ খাবারের আয়োজন করা হয়েছে।

গোপালগঞ্জ: জেলার টুঙ্গিপাড়ায় ‘জুলাই অভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব, জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চার প্রয়োজনীয়তা তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন।

যশোর: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে যশোরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এরপর শহিদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে আলোচনা সভা ও জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।

এছাড়া দিবসটি উপলক্ষ্যে শার্শা উপজেলায় শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, শহিদ আব্দুল্লাহ-র কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‎সভায় বক্তারা জুলাই শহিদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। শহিদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। ‎অনুষ্ঠান শেষে শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী: জেলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে শহরের শ্রীপুরে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা প্রশাসন, জেলা পরিষদ, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন, জুলাই পরিবার এবং জুলাই যোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতর, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প‌রে পৌরসভার হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিনাজপুর: জেলার হাকিমপুর উপজেলার হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে জুলাই শহিদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শহিদদের স্মরণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খুলনা: ‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সকালে শিববাড়ি জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং নগরীর বসুপাড়া কবরস্থানে জুলাই শহিদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করা হয়।

এছাড়া খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে জুলাই শহিদ পরিবার, আহত এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ খুলনা সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে জুলাই আন্দোলনের ওপর আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাদ যোহর মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিকেলে দিবসটি উপলক্ষ্যে খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর