Saturday 08 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জুলাই গণঅভ্যুত্থান কারও একক পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ আগস্ট ২০২৬ ২১:১৪

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের একক কৃতিত্ব নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল একটি সার্বজনীন আন্দোলন। এর ইতিহাস বিকৃত করার কোনো সুযোগ নেই।

শনিবার (৮ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে জুলাই গণঅভ্যুত্থানের শহিদ ও আহতদের স্মরণে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইশরাক হোসেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়েছেন। বিএনপির পাশাপাশি গণঅধিকার পরিষদ, এনডিএ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন দলের অসংখ্য নেতাকর্মী এতে শহিদ ও আহত হয়েছেন। তিনি বলেন, ‘৭১-এর ইতিহাস যেমন বিকৃত করা যাবে না, ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাসও বিকৃত করার কোনো সুযোগ নেই। আপনারা জুলাইকে বিক্রি করবেন না।’

বিজ্ঞাপন

শহিদ ও আহতদের জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রতিটি শহিদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা করে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। পরবর্তী অর্থবছরে শহিদ, গুরুতর আহত ও স্থায়ীভাবে পঙ্গুত্ববরণকারীদের জন্য বিনামূল্যে সরকারি আবাসন প্রকল্প নেওয়ার উদ্যোগ রয়েছে।

তিনি জানান, আহতদের তিনটি শ্রেণিতে ভাগ করে বিনামূল্যে উন্নত চিকিৎসা ও মাসিক ভাতা দেওয়া হচ্ছে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, রাশিয়া ও তুরস্কসহ বিভিন্ন দেশে আহতদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

আহতদের স্বাবলম্বী করতে ১৭টি মন্ত্রণালয়ের সমন্বয়ে শিক্ষা, প্রশিক্ষণ, ঋণ, খামার ও চাকরির মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম চলছে বলেও জানান তিনি।

যাত্রাবাড়ীতে আন্দোলনকারীদের স্মরণে স্থায়ী শহিদ মিনার নির্মাণের দাবির বিষয়ে ইশরাক হোসেন বলেন, বিষয়টি শিগগিরই প্রধানমন্ত্রীর কাছে অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

স্মরণসভায় সংসদ সদস্য অ্যাডভোকেট শিরীন সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ নবী উল্লাহ নবী, স্থানীয় নেতৃবৃন্দ, শহিদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

বাবা হারালেন মেসি
৮ আগস্ট ২০২৬ ২১:৫৬

আরো

সম্পর্কিত খবর