Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ আগস্ট ২০২৬ ১২:০৮

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি।

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষ্যে জাতীয় সংসদ ভবনে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে মঙ্গলবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে এই সভা শুরু হয়।

এর আগে, রোববার (৯ আগস্ট) রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে দু’টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি। দলটির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণের জোরালো আলোচনা রয়েছে। পাশাপাশি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মঈন খান, নজরুল ইসলাম খান ও গয়েশ্বর চন্দ্র রায়ের নামও বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। এ ছাড়া স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় এসেছে। তবে বিএনপির একটি বড় অংশের মতে, রাষ্ট্রপতি পদে দলীয় ও রাজনৈতিক নেতৃত্ব থেকে না বেছে অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে ১১ দলীয় জোটের একটি প্রতিনিধিদল।

উল্লেখ্য, গত ৬ আগস্ট নির্বাচন কমিশন (ইসি) রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১৩ আগস্ট। এরপর ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের এই প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। নিয়ম অনুযায়ী এরইমধ্যে সংসদের স্পিকারের সঙ্গে বৈঠকও করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর