Wednesday 12 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মেট্রোরেলে বাড়ছে ট্রেন, বাড়বে চলাচলের সময়

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৬ ১৯:৩৬

মেট্রোরেল। ছবি: সারাবাংলা

ঢাকা: গত ৭ জুন থেকে সবশেষ মেট্রোরেল চলাচলে উভয় দিকে ২০ মিনিট করে সময় বাড়ানো হয়েছে। তবে সর্বশেষ ট্রেনটি ২০ মিনিট দেরিতে চলাচল করছে। এতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। এই পরিস্থিতিতে আরও দু’টি ট্রেন বাড়ানোর উদ্যোগ নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। চলতি মাসের শেষ দিকেই বাড়তি দুটি ট্রেনের চলাচল শুরু হবে।

এতে এখন শেষ ট্রেনের মাঝখানে যে ২০ মিনিটের বিরতি আছে, তা কমে ৭ থেকে ৮ মিনিটে নেমে আসবে। এ ছাড়া মেট্রোরেল চলাচলে বর্তমান সময়ের চেয়ে আরও ২০ মিনিট থেকে ৩০ মিনিট বাড়ানোর চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল’র একাধিক কর্মকর্তা জানান, রাতে সময় বাড়াতে হলে ট্রেনের চালক (অপারেটর) বাড়াতে হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগ সম্পন্ন হয়েছে। তাদের এখন প্রশিক্ষণ চলছে। আগামী ২৬ আগস্ট প্রশিক্ষণ শেষ হবে। এর পর তাদের দিয়ে ট্রেন চালানো শুরু হবে। এ ছাড়া রাতে সময় বাড়ালে রক্ষণাবেক্ষণসহ অন্যান্য প্রস্তুতির কাজ কীভাবে করা হবে, সেই পরীক্ষা-নিরীক্ষা চলছে।

বিজ্ঞাপন

বর্তমানে রাতে মতিঝিল থেকে উত্তরার পথে সর্বশেষ ট্রেন ছাড়ছে সাড়ে ১০টায়। আর উত্তরা থেকে রাতের সর্বশেষ ট্রেন ছাড়ছে ৯টা ৫০ মিনিটে। প্রতিদিন সকাল সাড়ে ৬টায় উত্তরা থেকে মতিঝিলগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে। আর মতিঝিল থেকে উত্তরাগামী দিনের প্রথম মেট্রোরেল ছাড়ে সকাল সোয়া ৭টায়। তবে সকালের দিকে মেট্টোরেল চলাচলে কোনো পরিবর্তন আসছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, ‘রাতে দু’টি ট্রেন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। ট্রেন বাড়লে দুই ট্রেনের বিরতিও কমে আসবে।’ আগামী মাসে রাতে মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে বলেও জানান তিনি।

সারাবাংলা/ইউজে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর