Thursday 13 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তথ্যমন্ত্রীর সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ আগস্ট ২০২৬ ১৭:২২

জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. আইরিন জুবাইদা খান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে তথ্যমন্ত্রীর নিজ দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরা এবং দেশের অবস্থান ও অর্জনগুলো যথাযথভাবে বিশ্ববাসীর সামনে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগদান উপলক্ষ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের কার্যক্রম ও প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি যথাযথভাবে তুলে ধরার বিষয়টি আলোচনায় গুরুত্ব পায়। এ সময় প্রধানমন্ত্রীর সফরের গণমাধ্যম ব্যবস্থাপনা, আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের অবস্থান ও অগ্রাধিকার তুলে ধরা এবং বিশ্ববাসীর কাছে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়।

বিজ্ঞাপন

ড. আইরিন খান আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন। এ বিষয়ে তথ্যমন্ত্রী প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উভয়েই সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়াকে বড় চ্যালেঞ্জ ও উদ্বেগের বিষয় হিসেবে চিহ্নিত করেন।

এ ধরনের অপপ্রচার মোকাবিলায় কার্যকর যোগাযোগ কৌশল, দ্রুত তথ্যপ্রবাহ নিশ্চিত করা, সঠিক তথ্য তুলে ধরা এবং ডিজিটাল প্ল্যাটফর্মে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

তথ্যমন্ত্রী এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। একই সঙ্গে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য কার্যকরভাবে মোকাবিলায় সরকার, গণমাধ্যম ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে পররাষ্ট্র মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।