Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১৫:৪১ | আপডেট: ১৪ আগস্ট ২০২৬ ১৫:৪৩

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

ঢাকা: বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ্যে ঢাকাসহ সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৫ আগস্ট) দলীয় কার্যালয় অথবা মসজিদে এসব মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকাল ১১টায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

এ ছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় অথবা মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের এসব মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন হিসেবে দীর্ঘদিন দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিএনপির নেতৃত্ব দিয়ে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের কাছে তিনি ‘গণতন্ত্রের মা’ হিসেবে পরিচিত।

দলীয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষ্যে প্রতিবছর বিএনপির পক্ষ থেকে মিলাদ, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর