Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘যুবকদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১৬:৩৩

বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক

ঢাকা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা গেলে সামাজিক অপরাধ কমে আসবে। বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। প্রতিহিংসার রাজনীতি নয়, সুষ্ঠু ও স্বচ্ছ রাজনৈতিক পরিবেশের মাধ্যমে যুবসমাজকে কর্মক্ষম করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর এফডিসিতে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেয়ার বাংলাদেশ ও এসওএস চিলড্রেনস ভিলেজেস বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

প্রতিমন্ত্রী বলেন, ‘শুধু ডিগ্রি অর্জন করে যুবকেরা যাতে বেকার হয়ে ঘরে বসে না থাকে, সে জন্য কারিগরি শিক্ষার মাধ্যমে তাদের দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করা হচ্ছে। দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের স্বাবলম্বী করে গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে। দেশের যেখানেই খালি জায়গা পাওয়া যাবে, সেখানেই খেলার মাঠ করার পরিকল্পনা রয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে তরুণদের জীবনযাত্রা ভিন্ন হলেও তাদের চাহিদা প্রায় একই। তারা মানসম্মত শিক্ষা, শোভন কাজ, মর্যাদাপূর্ণ জীবন, মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও টেকসই ভবিষ্যৎ প্রত্যাশা করে।’

হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ‘বিগত সময়ে চাকরির বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা হয়নি। সার্টিফিকেটনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। বর্তমান সরকার কর্মমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে এবং দেশ-বিদেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারায় হতাশাগ্রস্ত তরুণ-যুবকেরা মাদকের দিকে ঝুঁকে পড়ছে।’ দেশের মোট মাদকাসক্ত মানুষের ৮০ শতাংশই তরুণ ও যুবক বলে দাবি করেন তিনি।

বিগত সময়ে কর্মমুখী শিক্ষা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পর্যাপ্ত সুযোগ না থাকায় হতাশাগ্রস্ত তরুণরা গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও হেরোইনে আসক্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বর্তমান সরকারের ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কর্মসূচি, মিনি স্টেডিয়াম নির্মাণ, ক্রীড়া ভাতা, খেলার মাঠ তৈরি ও আধুনিকায়নসহ যুবকদের জন্য নেওয়া বিভিন্ন কর্মসূচিকে স্বাগত জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। এসব উদ্যোগ যুবসমাজকে মাদকাসক্তি থেকে মুক্ত করে সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ‘দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারের চেয়ে বেসরকারি খাতের সম্পৃক্ততা বেশি গুরুত্বপূর্ণ’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ইস্টার্ন ইউনিভার্সিটিকে পরাজিত করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় বিজয়ী হয়।

প্রতিযোগিতার বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন, ড. এস এম মোর্শেদ, কেয়ার বাংলাদেশের পরিচালক রওনক জাহান এবং এসওএসের ডেপুটি ন্যাশনাল ডিরেক্টর মো. মাসুদ রানা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর হাতে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।

সারাবাংলা/এমএমএইচ/এমএম