ঢাকা: কিশোরগঞ্জে বিভিন্ন উপাসনালয়ের সেবকদের চলতি অর্থবছরের রাষ্ট্রীয় সম্মানি ভাতা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টায় কিশোরগঞ্জ সদরের পুরোনো স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।
শনিবার (১৫ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে এই অনুষ্ঠানের সার্বিক আয়োজন করেছে। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন এবং স্থানীয় সংসদ সদস্যরা।
চলতি ২০২৬-২০২৭ অর্থবছরে দেশের ৮৬ হাজার ৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠানের মোট দুই লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা রাষ্ট্রীয় সম্মানি ভাতার আওতায় আসছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলতি অর্থবছরে মাসিক সম্মানি প্রদানের লক্ষ্যে সারা দেশের ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার এবং ৩০১টি গির্জা নির্বাচন করা হয়েছে। প্রধানমন্ত্রী ওই দিন বেলা সাড়ে ১১টায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরোনো ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করবেন এবং স্থানীয় সুধীজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
তিনি দুপুর সাড়ে ১২টায় কটিয়াদি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং এই উপজেলার আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে আয়োজিত জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করবেন। তিনি দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়ধানে সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন। তিনি একই স্থানে কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেবেন।