ঢাকা: অব্যাহত বৃষ্টিপাতের ফলে দেশের বিভিন্ন স্থানে নদ-নদীর পানির সমতল বাড়তে শুরু করেছে। এরই মধ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানানো হয়েছে। আগামী ৭২ ঘণ্টায় দেশের বিভিন্ন নদ-নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, উত্তর অঞ্চলের তিস্তা নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ায় নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
আগামী তিনদিনে তিস্তা অববাহিকায় পানির সমতল আরও বেড়ে সতর্কসীমায় পৌঁছাতে পারে। তবে উত্তরাঞ্চলের অন্যান্য নদী যেমন ধরলা ও দুধকুমার নদীর পানি বর্তমানে কমছে।
এদিকে দেশের পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের মাতামুহুরী নদীর পানি বাড়লেও গোমতী, মুহুরী, ফেনী, হালদা ও সাঙ্গু নদীর পানি কমতির দিকে রয়েছে। পাশাপাশি ব্রহ্মপুত্র-যমুনা এবং গঙ্গা-পদ্মা নদীগুলোর পানির সমতল আপাতত স্থিতিশীল বা হ্রাসের ধারায় থাকলেও আগামী দিনগুলোতে পানি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট অঞ্চলের নিচু এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।