ঢাকা: সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে দায়ের করা রিটের ওপর মঙ্গলবার (১৮ আগস্ট) আদেশ দেবেন হাইকোর্ট।
সোমবার (১৭ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ. এফ. এম. সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেন।
এর আগে, বৃহস্পতিবার (১৩ আগস্ট) আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ রিটটি দায়ের করেন। তিনি নিজেই আদালতে রিটের পক্ষে শুনানি করেন।
রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল আখতার হোসেন মো. আব্দুল ওয়াহাব।
রিটে সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এ অনুচ্ছেদ অনুযায়ী, কোনো রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচিত সংসদ সদস্য দল থেকে পদত্যাগ করলে বা সংসদে দলের বিপক্ষে ভোট দিলে তার সংসদ সদস্য পদ শূন্য হয়ে যাবে। তবে এ কারণে তিনি ভবিষ্যতে সংসদ সদস্য নির্বাচনে অংশ নিতে অযোগ্য হবেন না।
রিটকারী আইনজীবীর দাবি, সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদের কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে বা মত প্রকাশ করতে পারেন না। এতে তাদের গণতান্ত্রিক অধিকার ও সংসদীয় স্বাধীনতা ক্ষুণ্ণ হয়। এ কারণেই অনুচ্ছেদটির বৈধতা চ্যালেঞ্জের পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিতের আবেদন জানানো হয়েছে।