Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ আগস্ট ২০২৬ ১৮:৫৪ | আপডেট: ১৭ আগস্ট ২০২৬ ১৯:২১

ঢাকা: সিনিয়র সহকারী সচিব ও সমপদমর্যদার ২৭৭ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে সিনিয়র সহকারী সচিব পদের ২৬২ জন ও বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়।

২৬২ জনের আদেশে বলা হয়, পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দফতর/কর্মস্থল এরইমধ্যে পরিবর্তন হলে কর্মরত দফতরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন। পরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো বিরূপ/ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এই আদেশের প্রয়োজনীয় সংশোধন/বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। সরকারের উপসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাদের যোগদানপত্র জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর সরাসরি অথবা অনলাইনে (ই-মেইল: sal@mopa.gov.bd) দাখিল করতে পারবেন।

বিজ্ঞাপন

অপরদিকে দ্বিতীয় প্রজ্ঞাপনে বিদেশে অবস্থিত বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০১৪ সালের ২৪ মার্চের আদেশ মোতাবেক সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয় কর্মকর্তার প্রেষণ পদের বেতন স্কেল উন্নীত করে আদেশ জারি করবে। আদেশ জারির পর পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তা উন্নীত পদে যোগদান করে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের মাধ্যমে জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানপত্র পাঠাবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা উন্নীত পদে যোগদানের তারিখ থেকে বেতন-ভাতা প্রাপ্য হবেন। তবে বৈদেশিক ভাতা ও এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে সংশ্লিষ্ট দূতাবাস বা মিশনের মূল পদের নির্ধারিত হার প্রযোজ্য হবে এবং বদলি বা অন্য কোনো কারণে পদ শূন্য হওয়ার পূর্ব পর্যন্ত উন্নীত এই বেতন স্কেল বহাল থাকবে।

পদোন্নতিপ্রাপ্ত সিনিয়র সহকারী সচিব পদের ২৬২ জন কর্মকর্তা এবং পদোন্নতিপ্রাপ্ত বিভিন্ন দূতাবাসে কর্মরত ১৫ জন কর্মকর্তার পিডিএফ তালিকা-

 

 

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর