ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো ২ হাজার ২৪৭ জনের মধ্যে এখনো ৬৯০ জন বন্দী পলাতক আছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহার হোসেন। কিন্তু নরসিংদী কারাগার থেকে ৮২৬ জন পালানোর মধ্যে ১৬৬ জনের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কারা সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন তিনি।
মোতাহার হোসেন বলেন, ‘২ হাজার ২৪৭ জন্য কারাবন্দি কারাগার থেকে পালালেও এরমধ্যে ১ হাজার ৫৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো ৬৯০ জন কারাবন্দি পলাতক রয়েছে, তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
কারাগারে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারাগারে কাউকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে না।’
তিনি বলেন, ‘বর্তমানে ৭৫টি কারাগার রয়েছে। প্রতিটি কারাগারের খাবারের পরিমাণ ও মান নিয়ন্ত্রণে রয়েছে। ২১ টি কারাগার সংস্কার প্রয়োজন।’
কারাগারে মাদক ঢোকা এবং কারারক্ষীদের এসব কাজে সহায়তা করার বিষয়ে করা প্রশ্নে তিনি বলেন, ‘মাদক এবং আর্থিক দুর্নীতি নিয়ে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। মাদক-সংক্রান্ত অপরাধে কেউ যদি জড়িয়ে পড়ে তাহলে তাদের জন্য আমরা অত্যন্ত কঠোর ছিলাম।’
তিনি জানান, গত দুই বছরে এসব কারণে ২১ জনকে বাধ্যতামূলক অবসর, ৮২ জনকে চাকরিচুত করা হয়েছে। ৮৭০ জনের বিরুদ্ধে নানামুখে বিভাগীয় মামলার ব্যবস্থা করা হয়েছে এবং ছোটখাটো অপরাধের কারণে ৩০৩ জনকে প্রশাসনিক কারণে বিভিন্ন বিভাগের বাইরে প্রেরণ করা হয়েছে। আমাদের কোনো কারারক্ষী যদি মাদক সংক্রান্ত কোনো অপরাধে জড়িয়ে পড়ে, তাকে আমরা ফৌজদারি মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করছি।’