ঢাকা: প্রশাসনিক ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের মাধ্যমে নাটোর, গাইবান্ধা ও রংপুরের জেলা প্রশাসক এবং রাজশাহীর বিভাগীয় কমিশনারকে তাদের বর্তমান দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই চার জন কর্মকর্তাকে তাদের পদ থেকে প্রত্যাহার করে নেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন, গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করা হয়েছে। আদেশ অনুযায়ী তাদের পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
একই আদেশে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকেও বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তবে কী কারণে একই সঙ্গে এতজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরালো হলো, সে বিষয়ে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এই পদগুলো খালি হলেও প্রত্যাহার করা জেলা ও বিভাগে এখন পর্যন্ত কোনো নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়নি। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত সেই নথিতে নাটোর, গাইবান্ধা ও রংপুরে নতুন কোনো জেলা প্রশাসক পদায়নের বিষয়টি উল্লেখ নেই। এছাড়া রাজশাহী বিভাগেও নতুন কোনো বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়নি বলে জানা গেছে। পরবর্তী নির্দেশ বা নতুন কোনো কর্মকর্তা দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত পদগুলো খালি থাকবে।