ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিকের পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। এর মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বুধবার (১৯ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কলকাতার নিউমার্কেট সংলগ্ন একটি হোটেলে লাগা ওই ভয়াবহ আগুনে মোট নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনার খবর পাওয়ার পরপরই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে নিহত ও আহত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে তথ্য সংগ্রহ শুরু করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি। উপ-হাইকমিশনের পক্ষ থেকে ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়া এই দুর্ঘটনায় আহত ছয়জন বাংলাদেশি নাগরিককে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আহত ও নিহত বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছেন। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের জরুরি সহায়তার জন্য কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে একটি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করা হয়েছে। পরিস্থিতি সার্বিক পর্যবেক্ষণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ও উপ-হাইকমিশন ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছে।