Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ০৮:২৬ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ০৮:৩১

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ড. অলি আহমদ।

ঢাকা: দীর্ঘ সাড়ে তিন দশক পর বাংলাদেশে সরাসরি ভোটাভুটির মাধ্যমে রাষ্ট্রপ্রধান নির্বাচনের এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি হয়েছে। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন।

জাতীয় সংসদ ভবনে বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল বিএনপি থেকে প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছেন ড. অলি আহমদ।

সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। সংখ্যার এই ব্যবধানের কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া প্রায় নিশ্চিত। তবে দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।

বিজ্ঞাপন

গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগ আমলে নির্বাচিত মো. সাহাবুদ্দিন। পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। ৬ আগস্ট নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের এই প্রক্রিয়ায় সরাসরি প্রতিদ্বন্দ্বিতার পরিস্থিতি সৃষ্টি হওয়ায় দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এর আগে ১৯৯১ সালে সর্বশেষ প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচনে তৎকালীন বিএনপি প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস জয়লাভ করেন। এরপর দীর্ঘ সময় ধরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতির নাম ঘোষণার যে রেওয়াজ প্রচলিত ছিল, তা এবার ভেঙে গেছে।

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী, জাতীয় সংসদ অধিবেশন চলমান না থাকলেও প্রধান নির্বাচন কমিশনার সরাসরি সংসদ সদস্যদের বৈঠকের আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত রাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। একাধিক প্রার্থী থাকায় ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত প্রার্থীকে আনুষ্ঠানিকভাবে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিজয়ী ঘোষণা করা হবে।

নতুন রাষ্ট্রপতি আগামীকাল শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাতটায় বঙ্গভবনে শপথ নেবেন বলে জানিয়েছেন চিফ হুইপ।

ভোট যেভাবে হবে

রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গোপন নয়। ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে সই করবেন সংসদ সদস্যরা। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। প্রথমে ব্যালট পেপারের মুড়ি অংশে পূর্ণ নাম লিখে সই করে ব্যালট গ্রহণ করবেন। এরপর মূল ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে আবার পূর্ণ নাম লিখে সই করবেন।

রাষ্ট্রপতির দায়িত্ব পালনরত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালও সংসদ সদস্য হিসেবে এই নির্বাচনের ভোটার।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য হওয়ায় তিনি নিজেও ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি হিসেবে কার্যভার গ্রহণের দিন তার সংসদীয় আসন শূন্য হবে। অন্যদিকে অলি আহমদ সংসদ সদস্য নন। তাই তিনি ভোট দেওয়ার সুযোগ পাবেন না।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর