ঢাকা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, কোকোর স্মৃতিকে ধরে রাখতে তার ক্রীড়া ভাবনা ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
সেই সঙ্গে ক্রীড়া ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে একটি সুস্থ, ঐক্যবদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শনিবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ‘আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ’ আয়োজিত কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, ‘আরাফাত রহমান কোকো শুধু একজন ক্রীড়া সংগঠক ছিলেন না; তিনি উপলব্ধি করেছিলেন যে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াতে হলে ক্রীড়াঙ্গনে শ্রেষ্ঠত্ব অর্জনের কোনো বিকল্প নেই। আজকের বাংলাদেশে ক্রিকেটের যে বৈশ্বিক অবস্থান, তার ভিত্তি রচনায় তার নিঃস্বার্থ ও দূরদর্শী ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।’
প্রযুক্তি ও শিক্ষার পাশাপাশি তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী আরও বলেন, ‘ক্রীড়া, ঐক্য ও তারুণ্য— এই তিনটি শক্তিকে কাজে লাগিয়েই আমরা আগামীর উন্নত বাংলাদেশ গড়ে তুলতে পারি। আইসিটি ও বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ দেশের জন্য গৌরব বয়ে আনবে।’
তিনি কোকোর স্মৃতি ধরে রাখতে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে, ক্রীড়াক্ষেত্রে তার স্বপ্নকে বাস্তবায়নের ওপর জোর দেন। ক্রিকেটের পাশাপাশি অন্যান্য খেলাধুলায়ও এমন উদ্যোগ সম্প্রসারণের আহ্বান জানান তিনি।
কোকোর স্মৃতি জীবন্ত রাখতে সংগঠনের যেকোনো ইতিবাচক উদ্যোগে তার মন্ত্রণালয়ের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, ‘ক্রীড়ার মাধ্যমেই তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশের ইতিবাচক শক্তিতে পরিণত করা সম্ভব।’
প্রয়াত আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মন্ত্রী বলেন, ‘তরুণ প্রজন্মকে তার জীবন ও কর্ম থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।’
আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।