Wednesday 26 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ আগস্ট ২০২৬ ০০:০০ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ০০:০১

যথাযোগ্য মর্যাদায় দেশজুড়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিবিজড়িত এ দিনটি উপলক্ষ্যে দেশজুড়ে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সিরাজগঞ্জ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে সিরাজগঞ্জে জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হযরত শাহ সুফি আফজাল মাহমুদ (রহ.)-এর দরগাহ শরিফের সামনে গিয়ে শেষ হয়।

এছাড়া দিনটি উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের উদ্যোগে আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

পাবনা: শহরের দ্বীপচর এলাকার খাজা নগর দরবার শরীফ থেকে জশনে জুলসে ঈদে মিলাদুন্নবী (সা.) শোভাযাত্রা বের হয় এবং শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও বিশেষ দোয়া ও মোনাজাত।

বান্দরবান: সকালে পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবানের মুক্তমঞ্চে গিয়ে জমায়েত হয়। পরে সেখানে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফরিদপুর: বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে দিন ও রাতব্যাপী নামাজ, জিকির-আসকার, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জিকির-আসকার, দরুদ ও মিলাদের সুরে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

এছাড়াও ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে ‌এবং‌ ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ‌‌আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে সকাল ৯টায় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর র‍্যালি বের হয়। র‍্যালি শহরের প্রধান সড়ক ঘুরে মহিম স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

চাঁপাইনবাবগঞ্জ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সি ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। র‍্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

ইবি: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের উত্তর গেট থেকে মোবারক র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে গিয়ে শেষ হয়। র‍্যালি শেষে কেন্দ্রীয় মসজিদে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে বাদ যোহর দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

খুলনা: ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবন চত্বরে মহানবী (সা.) এর জীবন ও আদর্শের ওপর আলোচনা সভা, হামদ ও নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি খুলনার যৌথ আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, হামদ ও নাত প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে জেলার সকল মসজিদে জেলা ও উপজেলা প্রশাসন এবং মসজিদ কমিটির সহযোগিতায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া সকল সরকারি-বেসরকারি হাসপাতাল, সরকারি শিশু পরিবার, শিশু সদন, শিশু বিকাশ কেন্দ্র, বৃদ্ধ নিবাস, শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্র, এতিমখানা এবং মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশ করা হয়।