ঢাকা: সেপ্টেম্বর মাসে দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ সেপ্টেম্বর থেকেও ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বর্তমান দামেই বিক্রি হবে।
সোমবার (৩১ আগস্ট) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেপ্টেম্বর ২০২৬ মাসের জন্য সর্বশেষ নির্ধারিত জ্বালানি তেলের মূল্যহার অপরিবর্তিত রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হবে।
এর আগে গত ৩১ মে জারি করা প্রজ্ঞাপনে ভোক্তা পর্যায়ে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সেপ্টেম্বর মাসেও সেই দামই বহাল থাকছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক সই করা প্রজ্ঞাপনে বিষয়টি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা অয়েলকে অবহিত করা হয়েছে।