Tuesday 01 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আনসার বাহিনীকে গঠনমূলক কাজে ভূমিকা রাখার আহবান রাষ্ট্রপতির

স্পেশাল করেসপন্ডেন্ট
১ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৩

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সাক্ষাৎ।

ঢাকা: মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা দলের (ভিডিপি) সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এসময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি গণঅভ্যুত্থান-পরবর্তী জননিরাপত্তা বিধান, ত্রয়োদশ সাধারণ নির্বাচনসহ বিভিন্ন রাষ্ট্রীয় কর্মকাণ্ডে আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তিনি বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

এ সময় বিদেশি ভাষা, কারিগরি ও প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে আনসার সদস্যদের দক্ষ ও কর্মসংস্থান উপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, আনসার ও ভিডিপি দেশের সবচেয়ে বড় জনসম্পৃক্ত নিরাপত্তা ও শৃঙ্খলা বাহিনী। তিনি আনসার বাহিনীর সংস্কার, বিশেষ করে আনসার ব্যাটালিয়ন প্রতিষ্ঠায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করেন।

একই সঙ্গে আনসার বাহিনীর আধুনিকায়ন, বিভিন্ন আইন প্রণয়ন ও আনসার ব্যাংক প্রতিষ্ঠায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

সাক্ষাৎকালে আনসার ও ভিডিপির মহাপরিচালক রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

মহাপরিচালক জানান, দেশে ও বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে আনসার সদস্যদের মানসম্মত প্রশিক্ষণ, সদস্যদের ডাটাবেজ তৈরি, ক্ষুদ্রঋণ প্রদান এবং প্রান্তিক পর্যায়ে সৌরবিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। দায়িত্ব পালনে তিনি রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি সৌরশক্তি উৎপাদন, মানবসম্পদ উন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অর্জন এবং জনমুখী কার্যক্রমে আনসার ও ভিডিপির অবদানের প্রশংসা করেন। ভবিষ্যতে এসব ক্ষেত্রে আরও কর্মসূচি ও তৎপরতা গ্রহণের আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি তাঁর দায়িত্ব পালনকালে আনসার ও ভিডিপির উন্নয়নে সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে মহাপরিচালককে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর