ঢাকা: দেশের ছয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আজ ২ সেপ্টেম্বর (বুধবার ) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সম্ভাব্য এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে উল্লেখিত ছয়টি অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি এসব এলাকার নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া ঝোড়ো হাওয়ার সাথে বজ্রপাতের আশঙ্কা থাকায় সংশ্লিষ্ট এলাকার অধিবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
অন্যদিকে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে ঢাকার বাতাস দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, আজ সকালে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।