ঢাকা: খাদ্যদ্রব্যে ভেজাল রোধ ও দেশের নাগরিকদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশেষ পদেক্ষেপ গ্রহণ করেছে সরকার।
বৃহস্পতিবার ( ৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বৈঠকে সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এ সংক্রান্ত তথ্য তুলে ধরেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদে খাদ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করার পর থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত ১৮০ দিনে দেশজুড়ে পরিচালিত ৫০০টি ভেজালবিরোধী মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানের মাধ্যমে মোট ২ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, ‘নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঝুঁকিভিত্তিক পদ্ধতি প্রয়োগের মাধ্যমে বিভিন্ন খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, পাইকারি আড়ত এবং খুচরা দোকানে নিয়মিত মনিটরিং ও পর্যবেক্ষণ বজায় রাখছে। কেবল জরিমানা নয়, বরং খাদ্য ব্যবসায়ীদের সচেতন করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ, কাউন্সেলিং, সচেতনতামূলক সভা ও সেমিনারের আয়োজন অব্যাহত রাখা হয়েছে। গত ১৮০ দিনে প্রায় ৭ হাজার ৭৬৬টি খাদ্য প্রতিষ্ঠান মনিটরিংয়ের আওতায় এসেছে। নিরাপদ খাদ্য আইনের সুষ্ঠু বাস্তবায়নে এ ধরনের সাঁড়াশি অভিযান ও তদারকি কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত চালু থাকবে।’