সিরাজগঞ্জ: তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা না পাওয়ায় নদীটি শুকিয়ে ধু-ধু বালুচরে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, শুষ্ক মৌসুমে তিস্তার বর্তমান চিত্র অনেকটা মরুভূমির মতো। দীর্ঘদিন ধরে এ নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে বিএনপি।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের এনায়েতপুরে গবাদিপশু আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা নিয়ে দীর্ঘদিনের আন্দোলনে বর্তমান প্রধানমন্ত্রীও লন্ডন থেকে সম্পৃক্ত হয়ে ছিলেন। তখন তিনি জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। সেই পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া এরইমধ্যে অনেকটা এগিয়েছে। এর নকশাও প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার বাস্তব কাজ শুরু হবে বলে জানান তিনি।
যমুনা নদীর চরাঞ্চলের বন্যা পরিস্থিতি তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, প্রতিবছর বন্যার সময় চরাঞ্চলের মানুষ চরম দুর্ভোগে পড়েন। পানিবন্দি হয়ে পড়ার পাশাপাশি গবাদিপশু নিয়ে তারা বড় ধরনের সংকটে পড়েন। অনেক ক্ষেত্রে নিজেদের নিরাপদ আশ্রয়ের পাশাপাশি পশুদের নিরাপদে রাখাও কঠিন হয়ে পড়ে।
তিনি বলেন, চরাঞ্চলের মানুষের এ দুর্ভোগ কমাতে গবাদিপশুর জন্য বিশেষ আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। বন্যার সময় এসব কেন্দ্রে মানুষ ও তাদের গবাদিপশু আশ্রয় নেওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে বন্যাকবলিত এলাকার মানুষের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি গবাদিপশুও নিরাপদ রাখা সম্ভব হবে।
এরপর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বেলকুচির সোহাগপুর উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সমাবেশে যোগ দেন ত্রাণমন্ত্রী। সমাবেশ শেষে সেখান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুকুন্দগাতি বাজারে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের জাতীয় সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।