Friday 04 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে পরামর্শ দিন: রিজভী

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ সেপ্টেম্বর ২০২৬ ১৫:৩১

বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

ঢাকা: গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘গ্যাস-বিদ্যুতের সংকট নিয়ে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে এ সমস্যা সমাধানের বিষয়ে পরামর্শ দেওয়া উচিত।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা অ্যাকাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘আপনারা গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করবেন, কর্মসূচি দেবেন—ঠিক আছে। কিন্তু আপনারা একটা অল্টারনেটিভ বলুন, আমরা গ্যাস ও বিদ্যুৎ কীভাবে সরবরাহ করব, কোথা থেকে পাব, কীভাবে পাব।’

বিজ্ঞাপন

বর্তমান সংকট মোকাবিলায় কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন, সে বিষয়ে বিরোধী দলকে সুনির্দিষ্ট পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান তিনি। রিজভী বলেন, ‘জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের কথা বলার সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা এবং সংসদের বাইরে কর্মসূচি পালন গণতন্ত্রের স্বাভাবিক চর্চা হলেও সংকট মোকাবিলায় কার্যকর পরামর্শ দেওয়াও প্রয়োজন।’

তিনি বলেন, ‘একটা পরিকল্পিত অচলাবস্থা তৈরি করা আমার মনে হয় ঠিক হবে না। বরং কীভাবে এই সংকট নিবারণ করা যায়, সেই বিষয়ে পরিকল্পনা দিতে হবে।’

অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে পরিস্থিতি আরও অন্ধকারের দিকে যাবে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

গ্যাস ও বিদ্যুৎ সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থার সংকট রয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহণে বাধা সৃষ্টি হওয়ায় প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সংকট দেখা দিয়েছে।’ এ পরিস্থিতি সরকারের নিজস্ব কোনো কারণে তৈরি হয়নি বলেও দাবি করেন তিনি।

জুলাই আন্দোলনে গান ও নৃত্যের ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, ‘সাংস্কৃতিক পরিবেশনাগুলো আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস সৃষ্টি করেছিল।’

বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সড়ক পরিবহণ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সংস্কৃতিবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, নায়ক হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ অনেকেই।

উল্লেখ্য, অনুষ্ঠানে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর