Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাইনচ্যুত উপবন এক্সপ্রেস, নিহত ৪, আহত ২৫০


২৪ জুন ২০১৯ ০১:০২ | আপডেট: ২৪ জুন ২০১৯ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনার কবলে পড়েছে। বরমচাল রেলক্রসিং এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে এর বেশ কয়েকটি বগি নিচে ছিটকে পড়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫০ জনেরও বেশি যাত্রী।

রোববার (২৩ জুন) রাত পৌনে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ পরিচালক মজিবুর রহমান রাত দেড়টার দিকে জানিয়েছিলেন ঘটনাস্থল থেকে চারজনের মৃতদেহ উদ্ধার করেছেন তারা। প্রাথমিকভাবে পাঁচটি বগি ছিটকে পড়ার খবর পাওয়া গেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন রেলওয়ে পুলিশ ও স্থানীয় হাজারো মানুষ।

বিজ্ঞাপন

রাত সাড়ে তিনটার দিকে ঘটনাস্থল থেকে মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সারওয়ার আলম সারাবাংলাকে জানান তারা বিভিন্ন মাধ্যমে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন, যার মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

সিলেটের সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ, যাত্রীদের ভোগান্তি

আহতদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসপি আরও জানান, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে যোগ দিয়েছে বিজিবিও। মৌলভীবাজারের ফায়ার সার্ভিসের ইউনিটসহ মোট ১০টি ইউনিট উদ্ধার কাজে অংশ নিয়েছে। তিনি জানান, দুর্ঘটনার পর প্রথমে স্থানীয়রাই আহতদের হাসপাতালে নিয়ে যান। পরে কাজে যোগ দেয় বিভিন্ন বাহিনী। তবে আলোর স্বল্পতার কারণে বগি যে দিকে উলটে পড়েছে সেইদিকে পুরোপুরিভাবে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না বলেও জানান তিনি।

ঘটনাস্থল থেকে কুলাউড়া উপজেলার চেয়ারম্যান এ.এক.এম সফি আহমদ (সলমান) সারাবাংলাকে জানান, নিহতদের মধ্যে কেবল এক নারীর পরিচয় জানা গেছে। তিনি কুলাউড়ার সাবেক পৌর মেয়রের ভাই আব্দুল বারির স্ত্রী। বাকীদের পরিচয় পাওয়া যায় নি।

দুর্ঘটনা কবলিত ট্রেনে ছিলেন জৈন্তাপুর ইমরান আহমদ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহেদ আহমদ। তিনি সারাবাংলাকে বলেন, কুলাউড়ার বরমচাল স্টেশন সংলগ্ন একটি ব্রিজে ওঠার পর হঠাৎ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুৎ হয়ে খালে পড়ে যায় এবং একটি বগি উল্টে যায়। এতে ঘটনাস্থলে কয়েকজনের মৃত্যুর খবর শুনেছেন তারা। এছাড়া লাইনচ্যুত বগির মারাত্মক ঝাঁকুনিতে অন্তত ২৫০ যাত্রী আহত হয়েছেন বলে জানান তিনি।

স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণকক্ষ সারাবাংলাকে জা‌নিয়েছে, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কম‌প্লেক্সের জরু‌রি বিভাগে চি‌কিৎসা নিয়েছেন ৬০ জন। পাশাপাশি এই দুর্ঘনায় আহত আরও ২০ জন‌ সিলেট ওসমানী মে‌ডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসা নিচ্ছে বলেও জানায় নিয়ন্ত্রণ কক্ষ।

এদিকে এই দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে বন্ধ হয়ে গেছে সারাদেশের রেলযোগাযোগ।

সারাবাংলা/ইএইচটি/এসএমএন