Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘বুড়িগঙ্গার পানি খান’ মন্তব্য করে বিতর্কে নাসীরুদ্দীন পাটওয়ারী

স্টাফ করেসপন্ডেন্ট
৩ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪০ | আপডেট: ৩ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৪৩

ঢাকা-৮ আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা-৮ আসনে এনসিপি ও ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী মাদকবিরোধী বক্তব্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। তিনি মন্তব্য করেন, ‘ঢাবিতে গিয়ে দেখা গেছে, এক দলের কর্মীরা মাদক সেবন করছে। যদি বেশি খেতে ইচ্ছা করে, তাহলে বুড়িগঙ্গার পানি খান, কিন্তু মাদক সেবন করবেন না।’

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী বলেন, তার নির্বাচনি এলাকায় একজন মাদকসম্রাট সক্রিয় রয়েছে। তিনি কর্মীদের হাতে অস্ত্র কিংবা মাদক তুলে না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক সেবনের ফলে কর্মীরাই পরবর্তীতে অন্যদের ওপর আঘাত করতে পারে। এ কারণে কর্মীদের মাদক থেকে দূরে রাখার দায়িত্ব রাজনৈতিক দলসহ সমাজের সবার বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

নির্বাচনি এলাকায় পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ ২০টি বিলবোর্ড ব্যবহার করতে পারেন। অথচ একজন মাদকসম্রাট শত শত বিলবোর্ড স্থাপন করেছে। এসব বিলবোর্ডের অর্থের উৎস নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষায়, এই টাকা মাদক বিক্রির নাকি চাঁদাবাজির তা খতিয়ে দেখা প্রয়োজন।

নারীদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এ ধরনের আক্রমণ কোনোভাবেই সহ্য করা হবে না। আগামী ১২ ফেব্রুয়ারি যারা নির্বাচন ইঞ্জিনিয়ারিং কিংবা কেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা একটি নতুন বাংলাদেশ গড়তে চান, যেখানে কেন্দ্র দখল ও সহিংস রাজনীতির কোনো স্থান থাকবে না।

সারাবাংলা/এফএন/এসএস