Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বগুড়া-১ আসনে কাজী রফিকের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০০:০৬

বগুড়া-১ আসনে কাজী রফিকের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

বগুড়া: বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী কাজী রফিকুল ইসলামের নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সারিয়াকান্দি উপজেলার নারচী গণকপাড়ায় এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী কাজী রফিকুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হলে সারিয়াকান্দিতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হবে। একইসঙ্গে গত দেড় দশকের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটিয়ে সারিয়াকান্দি ও সোনাতলাকে আধুনিক উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। যাতে করে প্রতিটি নাগরিক সামাজিক সুরক্ষা পায়। যমুনা তীরের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও বঞ্চিত।’ নদী ভাঙন রোধসহ চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে বিএনপি কাজ করবে বলেও উল্লেখ করেন কাজী রফিকুল ইসলাম।

নারচী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনির সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি নূর-এ-আযম বাবু, সাবেক সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন প্রমুখ। এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং জনসাধারণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর