Monday 17 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কৃষি কার্ড ও বিনা সুদে ঋণের পরিকল্পনা তারেকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৩৮ | আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৪২

বিরামপুরে নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

দিনাজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জনসভায় উপস্থিত হয়ে তিনি বক্তব্য দেন। এ সময় তিনি নির্বাচনে জিতলে কৃষি, স্বাস্থ্য ও শিক্ষা খাতের আমূল পরিবর্তন করতে চান বলে জানান।

কৃষিখাত নিয়ে তিনি বলেন, ‘আমরা মা-বোনদের হাতে যেভাবে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই, ঠিক একইভাবে আমাদের কৃষক ভাইদের হাতে কৃষি কার্ড পৌঁছে দিতে চাই।’

তিনি ঘোষণা দেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত বিনা সুদে কৃষি ঋণ দেওয়া হবে। কৃষি কার্ডের মাধ্যমে জমির হিসাব অনুযায়ী প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক দেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা তুলে ধরে বলেন, এই স্বাস্থ্যকর্মীরা প্রতিটি গ্রামে ঘরে ঘরে গিয়ে মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করবেন। ছোটখাট অসুখ-বিসুখের চিকিৎসা যাতে ঘরে বসেই সম্ভব হয়, সেই লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও ঘোষণা দেন, স্কুল পর্যায়ের প্রত্যেক শিক্ষককে কম্পিউটার দেওয়া হবে, যাতে তারা আরও আধুনিক উপায়ে শিক্ষাদান করতে পারে।

এ ছাড়াও, উত্তরাঞ্চলের পানির সমস্যার সমাধানের লক্ষ্যে তিনি তিস্তা ব্যারেজ পরিকল্পনা পুনরায় সচল করার কথা বলেন। তার মতে, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে উত্তরাঞ্চলের মানুষের পানির কষ্ট লাঘব হবে এবং কৃষিকাজে চমৎকার সাফল্য আসবে।

বক্তব্যের শেষে তিনি জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, ‘সমৃদ্ধ বাংলাদেশ ও উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে হলে আপনাদের মূল্যবান ভোট ধানের শীষ প্রতীকে দিয়ে জয়যুক্ত করতে হবে।’

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো