Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অভিমান করে ভোট কেন্দ্রেও গেলেন না জিএম কাদের!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৪

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী জি এম কাদের। ফাইল ছবি

রংপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে রংপুর-৩ (সদর) আসনের জাতীয় পার্টির প্রার্থী ও দলের চেয়ারম্যান জিএম কাদের ভোট দেননি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দিন তিনি রংপুর নগরীর নিউ সেনপাড়ায় নিজ বাসভবন ‘স্কাই ভিউ’-তে অবস্থান করেছেন। এদিন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি এবং দলীয় নেতাদের সঙ্গেও যোগাযোগ করেননি।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী ফলাফল নিয়ে তার মন-মেজাজ খারাপ এবং দলের অভ্যন্তরীণ অর্থ বিতরণে অনিয়মের কারণে তিনি অসন্তুষ্ট। গণভোটকে ‘অবৈধ’ বলে প্রচারণা চালালেও তার এই অংশগ্রহণহীনতা দলের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

জিএম কাদেরের বাসভবন থেকে ৫০০ গজ দূরে শিক্ষাঙ্গন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৮টায় ভোট দেওয়ার কথা ছিল। বুধবার দলীয় নেতারা এ তথ্য জানালেও বৃহস্পতিবার সকাল থেকে রংপুর জেলা ও মহানগর কমিটির কোনো নেতা ফোন রিসিভ করেননি।

বিজ্ঞাপন

বিকেল ৩টায় তার বাসভবনে গিয়ে দেখা যায়, সব দরজা বন্ধ এবং বাইরে কোনো নেতাকর্মীর ভিড় নেই। পুরো এলাকায় সুনসান নীরবতা। বাসার পেছন দিয়ে গিয়ে দেখা যায়, কয়েকজন সাংবাদিক চেয়ারে বসে তার বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। বিকেল ৩টা ৫৫ মিনিটে তার পিএস তৈয়ব আহমেদ এসে জানান, ‘জিএম কাদের স্যার এখন সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন না। ফলাফল ঘোষণার পর তার প্রতিক্রিয়া জানাবেন।’

ভোট দেওয়ার বিষয়ে কোনো মন্তব্য না করে তিনি ভেতরে চলে যান।

বাসা থেকে বের হওয়ার সময় জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি আরিফ আলী বলেন, ‘স্যারের মন-মেজাজ খুব খারাপ। তিনি ভীষণ মাইন্ড করেছেন—নির্বাচনে ফলাফল খুব ভালো হবে বলে মনে করছেন না। ইউনিয়ন পর্যায়ের নেতাদের নির্বাচনি খরচের টাকা কর্মীদের কাছে ঠিকমতো পৌঁছায়নি।’

বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত জিএম কাদের বাইরে বের হননি। দলের এক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘জিএম কাদের ভোট দিতে যাননি—এটা নিশ্চিত।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর