Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‎ঢাকা-১৬ আসন / ধানের শীষকে হারিয়ে জামায়াতের আব্দুল বাতেন বিজয়ী

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২১ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ ১২:১৪

মো. আব্দুল বাতেন।

‎ঢাকা: রাজধানীর মিরপুর, পল্লবী ও রূপনগর এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৬ (১৮৯) আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীকে সামান্য ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

‎শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মো. আব্দুল বাতেন পেয়েছেন ৮৮ হাজার ৮২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মনোনীত প্রার্থী মো. আমিনুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট। অর্থাৎ, ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে এই আসনে জয় নিশ্চিত করেছে জামায়াতে ইসলামী।

অন্যান্য প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. সাইফুল ইসলাম (হাতপাখা) ৩ হাজার ৬৭৯ ভোট এবং জাতীয় পার্টির মো. সুলতান আহমেদ সেলিম (লাঙ্গল) ১ হাজার ৪৬৪ ভোট পেয়েছেন।

এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ৪৯৯ জন। ১০৮টি ভোটকেন্দ্রের সবকটির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এবার নির্বাচনে প্রদত্ত ভোটের হার ৪৬.০৮%।

নির্বাচন কমিশনের তথ্যমতে, মোট ১ লাখ ৮০ হাজার ৭৯৪টি ভোট বৈধ হিসেবে গণ্য হয়েছে এবং ৩ হাজার ৭৬৪টি ভোট বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে। সব মিলিয়ে এই আসনে ১ লাখ ৮৪ হাজার ৫৫৮ জন ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

‎সারাবাংলা/এনএল/ইআ