Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২৬ ১৯:০৪ | আপডেট: ৩০ জুন ২০২৬ ২০:০৭

সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা দেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

ঢাকা: ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

মঙ্গলবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে-

  • ২-৯ জুলাই রাজধানীতে জুলাই শহিদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান;
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস উপলক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের উদ্যোগে আলোচনা সভা;
  • ১৮-৩১ জুলাই সারাদেশে জুলাই শহিদ, আহত ও পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, জুলাই স্মৃতিবিজড়িত স্থানে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া অনুষ্ঠান;
  • ১ আগস্ট সারাদেশে (মহানগরী, জেলা ও উপজেলা) গণমিছিল;
  • ২-৪ আগস্ট শ্রমিক সংগঠনের উদ্যোগে কর্মসূচি এবং ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে রাজধানীসহ সারাদেশে (মহানগরী, জেলা ও উপজেলা) সমাবেশ ও মিছিল।

এছাড়া মহিলা বিভাগ, ছাত্র সংগঠন ও জুলাই যোদ্ধাদের বিভিন্ন ফোরামের উদ্যোগে আরও কর্মসূচি পালিত হবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার বলেন, ‘দুয়েকটি সংবাদমাধ্যম এমনভাবে লেখালেখি করছে, মনে হয় তারা একটি রাজনৈতিক দলের মুখপাত্র।’ একটি বড় ব্যবসায়ী করপোরেট গ্রুপের মালিকানাধীন সংবাদপত্রের ভূমিকা এমন হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘ঠিক আছে, আপনি যদি রাজনৈতিক এজেন্ডা নিয়ে থাকেন, বিএনপি যদি আপনাকে কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে থাকে, তাহলে ঘোষণা দিন যে আপনার এই পত্রিকা রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং আপনি একটি দলের মুখপাত্র। এ ঘোষণা দিয়েই তাদের পত্রিকা প্রকাশ করা উচিত।’

তিনি আরও বলেন, ‘আপনার গণমাধ্যমের চরিত্র যদি এত মিথ্যাচারপূর্ণ হয়, এত রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়, তাহলে গণমাধ্যমের এই আচরণের প্রতিবাদ করতে গিয়ে আমরাও কী সেই অনাকাঙ্ক্ষিত পথ ধরব? কিন্তু জামায়াতে ইসলামী সেই পথ ধরতে চায় না।’

কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন এবং দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর