ঢাকা: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভাইরাল ভিডিও নিয়ে প্রথমবারের মতো বক্তব্য দিয়েছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। তিনি দাবি করেছেন, ভিডিওটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে গাজী নজরুল ইসলাম লিখেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মাকছুদা বেগম ও দ্বিতীয় স্ত্রী মরিয়াম বেগমকে নিয়ে রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক অফিসে যান। সেখানে অবস্থানকালে তার গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ বাইরে গিয়ে কয়েকজন অপরিচিত ব্যক্তিকে নিয়ে এসে তাদের জিম্মি করেন এবং এক লাখ টাকা আদায় করেন। পরে আরও কয়েক লাখ টাকা দাবি করা হয় বলে তিনি অভিযোগ করেন।
পোস্টে তিনি আরও দাবি করেন, ওই ঘটনার পেছনে তার দ্বিতীয় স্ত্রীর বাবা মো. মাসুম বিল্লাহর সঙ্গে ওবায়দুল্লাহর পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধ কাজ করেছে। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন তিনি।
গাজী নজরুল ইসলাম লিখেন, তাদের স্বামী-স্ত্রীর ব্যক্তিগত ও ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ধারণ করে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। পরে রাজনৈতিক উদ্দেশ্যে ওই ভিডিওকে বিবহির্ভূত সম্পর্কের ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, গত ১৭ জুন পারিবারিকভাবে এবং তার প্রথম স্ত্রীর সম্মতিতে মরিয়াম বেগমের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে। তাই ভিডিও ঘিরে যে অপপ্রচার চলছে, তার কোনো ভিত্তি নেই বলে দাবি করেন তিনি।
পোস্টের শেষাংশে এমপি গাজী নজরুল ইসলাম তার সামাজিক মর্যাদা, ব্যক্তিগত গোপনীয়তা ও নৈতিক চরিত্র ক্ষুণ্ন করার উদ্দেশ্যে যারা এ ষড়যন্ত্র ও অপপ্রচারে জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।