Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণভোটের গণরায় বাস্তবায়ন না হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে না: বুলবুল

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ২০:৪৭

প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ‘গণভোটে দেওয়া জনগণের রায় বাস্তবায়ন না হলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব নয়।’ তিনি দাবি করেন, ‘সংবিধান সংশোধন নয়, রাষ্ট্র ও সংবিধানের মৌলিক সংস্কারই ছিল জুলাই বিপ্লবের অন্যতম লক্ষ্য।’

বৃহস্পতিবার (২৩ জুলাই) জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে কদমতলী থানা জামায়াত আয়োজিত শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘চব্বিশের জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ একটি নতুন বাংলাদেশ পেয়েছে। সেই বাংলাদেশকে বসবাসযোগ্য, মানবিক, নিরাপদ, ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্রে পরিণত করতে হলে সংবিধান ও রাষ্ট্রকাঠামোর সংস্কার করতে হবে। কিন্তু সরকার সংবিধান সংস্কারের পরিবর্তে সংশোধনের পথে হাঁটছে।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকে প্রতিটি সরকার সংবিধান সংশোধন করেছে, কিন্তু তাতে জনগণের কোনো উপকার হয়নি। বরং সরকারগুলো নিজেদের প্রয়োজনেই সংবিধান সংশোধন করেছে।’ বর্তমান সরকারও একই পথে হাঁটছে এবং দলীয় স্বার্থ রক্ষায় সংবিধান সংস্কার এড়িয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বুলবুল বলেন, ‘২০২৫ সালের ১৩ নভেম্বর প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচনকে বৈধ মেনে গণভোটকে অবৈধ বলার কোনো সুযোগ নেই।’ তিনি বিএনপির সমালোচনা করে বলেন, ‘একই আদেশে অনুষ্ঠিত দু’টি ভোটের একটিকে বৈধ ও অন্যটিকে অবৈধ বলা সাংঘর্ষিক।’

তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণকে বিভ্রান্ত না করে গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’

অনুষ্ঠানে মহানগরীর মজলিসে শুরা সদস্য আব্দুর রহিম জীবনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এবং মহানগরীর কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান। এ ছাড়া যাত্রাবাড়ী দক্ষিণ থানা আমির নওশাদ আলম ফারুক, শ্যামপুর থানা আমির মাওলানা জাকির হুসাইন এবং কদমতলী এলাকার নেতারাও উপস্থিত ছিলেন। সভা শেষে নেতারা এতিম শিশুদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।

 

সারাবাংলা/এমএমএইচ/এআর