জামালপুর: বিরোধী দলীয় চীফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘রাষ্ট্রপতি শুধু পদত্যাগ করলেই হবে না, পদত্যাগের পর তাকে গ্রেফতার করতে হবে। একজন যোগ্য অভিভাবকসুলভ ব্যক্তিকে দেশের মানুষ রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান।’
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামালপুর জেলা ও সদর উপজেলার যৌথ উদ্যোগে গণজাগরণ পদযাত্রা শেষে শহরের ফৌজদারি চত্বরে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘গণভোট অসাংবিধানিক বা অবৈধ হলে বিএনপি সরকার অবৈধ সরকার হবে।’
সভায় আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব লুৎফর রহমান, কেন্দ্রীয় জাতীয় যুবশক্তির সহ-সভাপতি হিফজুর রহমান বকুল, এনসিপির জেলা সদস্যসচিব ডা. মোশাররফ হোসেন এবং জামালপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও জেলা এনসিপি’র যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীম।
কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতা-কর্মীসহ স্থানীয় সচেতন নাগরিকেরাও উপস্থিত ছিলেন।
এর আগে, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।