Thursday 23 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘জুলাই বিপ্লব না হলে নিজেদের মাস্টারমাইন্ড বলার সুযোগও পেতেন না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জুলাই ২০২৬ ২৩:৪০

সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান। ছবি: সারাবাংলা

সিরাজগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল, সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, জুলাই বিপ্লব না হলে আজ যারা নিজেদের ‘মাস্টারমাইন্ড’ দাবি করছেন, তাদের এ ধরনের বক্তব্য দেওয়ারও সুযোগ হতো না।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তনে জুলাই শহিদ পরিবারের সদস্য ও আহতদের সম্মানে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম খান বলেন, ‘আজ অনেকেই জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড হওয়ার দাবি করছেন। কিন্তু সে সময়ের বাস্তবতা ছিল ভিন্ন। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী লাখ লাখ কর্মী নিয়ে আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। আন্দোলনের কঠিন সময়ে বেগম খালেদা জিয়া ট্রাকের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছেন। অথচ মহানগরে বিএনপির একজন কর্মীকেও খুঁজে পাওয়া যায়নি। সে সময় শুধু বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফোন সচল ছিল। অন্য কাউকে খুঁজে পাওয়া যায়নি। এখন অনেকে নিজেদের বড় বড় মাস্টারমাইন্ড হিসেবে উপস্থাপন করছেন, যা শুনে মানুষও বিস্মিত হয়।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘জুলাই আন্দোলনে শহিদ ও আহতদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।’ তাদের অবদানের যথাযথ মূল্যায়ন এবং পরিবারের পাশে দাঁড়ানো রাষ্ট্র ও সমাজের দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। সভা শেষে জেলার জুলাই শহিদ পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. শাহীনুর আলম। এ ছাড়াও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. শহিদুল ইসলাম, শহর জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল লতিফ এবং সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মো. নাজিম উদ্দীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর