Sunday 26 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতিকে সরাতে বিএনপির লেগেছে ১৫৮ দিন: এবি পার্টি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ জুলাই ২০২৬ ২১:৩৫ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১১:৩৫

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ

ঢাকা: সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগকে স্বাগত জানিয়ে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) বলেছে, তাকে রাষ্ট্রপতির পদ থেকে সরাতে ক্ষমতাসীন বিএনপির ১৫৮ দিন সময় লেগেছে।

শুক্রবার (২৪ জুলাই) এক যৌথ বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ মন্তব্য করেন।

বিবৃতিতে তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের অংশীজনদের ঐকমত্যের ভিত্তিতে সাহাবুদ্দিনের অপসারণ বা পদত্যাগ হওয়া উচিত ছিল। তবে শুরু থেকেই বিএনপি এ বিষয়ে সম্মত ছিল না। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তহীনতাও পরিস্থিতি দীর্ঘায়িত করেছে বলে তারা দাবি করেন।

বিজ্ঞাপন

এবি পার্টির নেতারা অভিযোগ করেন, বিএনপি বারবার সাংবিধানিক শূন্যতা ও রাষ্ট্রপতির অধীনে শপথ গ্রহণের বিষয়টি সামনে এনে সিদ্ধান্ত গ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। নির্বাচনে বিজয়ের পর সাহাবুদ্দিনকে দিয়ে সংসদে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্য দেওয়ানোর ঘটনাও পুরো পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে তারা মন্তব্য করেন।

বিবৃতিতে আরও বলা হয়, শেখ হাসিনা সরকার, মন্ত্রী, প্রধান বিচারপতি, পুলিশ কর্মকর্তাসহ ফ্যাসিবাদী শাসনের প্রধান অংশীদারদের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র-জনতার লেগেছিল মাত্র ৩৬ দিন। অথচ সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সরাতে বিএনপির ১৫৮ দিন লেগেছে। এর পেছনের কারণ জনগণ বিবেচনা করবে বলেও মন্তব্য করেন তারা।

এবি পার্টির দুই নেতা সাহাবুদ্দিন চুপ্পুর বিরুদ্ধে দুর্নীতি, ব্যাংকের অর্থ লুটপাট ও পাচারসহ যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।