ঢাকা: বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সিন্ডিকেট সভা ঘেরাও কর্মসূচি পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)নেতারা। তাদের দাবি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা পুনরায় ভর্তি হলে হলের সিট বাতিল করতে হবে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সিনেট ভবনে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা চলছিল।
এ ঘেরাও কর্মসূচিতে ডাকসু নেতারা সিন্ডিকেট সদস্যদের উদ্দেশে বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল—‘স্বচ্ছ নীতিমালা, দিতে হবে দিয়ে দাও’, ‘গণরুমের ঠিকানা,এই ক্যাম্পাসে হবে না’,‘আদু ভাইয়ের নীতি,মানি না মানব না’, ‘গণরুমের পাঁয়তারা, রুখে দেবে ছাত্ররা’সহ ইত্যাদি স্লোগান দেন।
কর্মসূচির এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এনামুল হক সজীব, ড. শান্টু বড়ুয়াসহ শিক্ষকরা ডাকসু নেতাদের সঙ্গে কথা বলতে আসেন এবং তাদের মধ্য থেকে পাঁচ জন প্রতিনিধি পাঠাতে বলেন। ডাকসু নেতারা এ প্রস্তাব নাকচ করেন এবং উপাচার্যকে সরাসরি কথা বলার দাবি রেখে কর্মসূচি অব্যহত রাখেন।
ঘেরাও কর্মসূচির নেতৃত্বে রয়েছেন ডাকসুর ছাত্র পরিবহণবিষয়ক সম্পাদক আসিফ আবদুল্লাহ, সাহিত্য সম্পাদক মোসাদ্দিক আলী,ক্যারিয়ার সম্পাদক মাজহারুল ইসলাম, সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরসহ প্রমুখ।