ঢাকা: রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘রাজধানীর গুলশান থেকে আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এরই মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।’
এর আগে বুধবার (২৯ জুলাই) শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিএমএম আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের আবদুল লতিফ সিদ্দিকী জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় পুলিশ গ্রেফতার না করলে আগামী রোববার বা সোমবার নাগাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন তিনি। তবে তার আগেই তিনি গ্রেফতার হলেন।