ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ‘স্বৈরাচারের স্থান ডাস্টবিনে’ শীর্ষক একটি প্রতীকী কর্মসূচি পালন করেছে।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জকসুর নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন ডাস্টবিনে স্বৈরাচারের প্রতীক হিসেবে শেখ হাসিনার ছবি সংবলিত স্টিকার যুক্ত করেন।
জকসুর পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচির উদ্দেশ্য ছিল স্বৈরাচার, দমন-পীড়ন, গুম, খুন এবং গণতন্ত্রবিরোধী রাজনীতির বিরুদ্ধে প্রতীকীভাবে ঘৃণা ও প্রত্যাখ্যানের বার্তা তুলে ধরা। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো স্বৈরাচার পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কর্মসূচি শেষে জকসুর নেতারা বলেন, স্বৈরাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক চেতনা, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে। একই সঙ্গে এ ধরনের প্রতীকী কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বৈরাচারবিরোধী অবস্থান আরও সুদৃঢ় করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
কর্মসূচির উদ্যোগ নেন জকসুর মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মো. নুর নবী। এ সময় উপস্থিত ছিলেন জকসুর সমাজসেবা সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক, নির্বাহী সদস্য ফাতেমা আক্তার, আব্দুল্লাহ আল ফারুক, মেহেদী হাসানসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।