Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের গণসমাবেশ ৫ আগস্ট

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ২৩:৩১ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ১১:০৪

ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক। ছবি: সংগৃহীত

ঢাকা: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। আগামী ৫ আগস্ট বুধবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ করবে জোটটি। সমাবেশ থেকে এসব সমস্যা সমাধানের দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সরকারি বাসভবনে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে এসব কর্মসূচি ঘোষণা করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

এতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, বৈঠকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ‘আকাশচুম্বী’ মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে উদ্বেগ প্রকাশ করেন নেতারা।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ আগস্ট সকাল ১০টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এ ছাড়া ৬ আগস্ট দেশের সব মহানগর ও জেলায় বিদ্যুৎ ও গ্যাস অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একই দিন সকাল ১১টায় রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে। কর্মসূচি শেষে সচিবালয়ে স্মারকলিপি দেওয়া হবে।

জানা গেছে, ৫ আগস্টের গণসমাবেশ থেকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ভুতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চূড়ান্ত কর্মসূচি ঘোষণা করা হবে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চানসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা।

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর