ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে গণসমাবেশ শুরু হয়েছে। এসময় বৃষ্টিকে উপেক্ষা করে গণসমাবেশে যোগ দিয়েছেন অসংখ্য নেতাকর্মী।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
কর্মসূচির শুরু থেকেই গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টি নামলেও তা তোয়াক্কা না করে নেতাকর্মীরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেট ও আশপাশের এলাকায় জড়ো হন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসা নেতা-কর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা গণসমাবেশে পরিণত হয়।
উপস্থিত নেতাকর্মীরা জানান, ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন ও ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্র গড়ার বার্তা দিতেই আবহাওয়া প্রতিকূল থাকা সত্ত্বেও তারা এই গণসমাবেশে অংশ নেন।